যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরানকে সরাসরি সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধের চালান পাঠাচ্ছে এবং প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, গুরুত্বপূর্ণ সেনা স্থাপন ও যুদ্ধজাহাজের অবস্থান সম্পর্কিত তথ্য দিয়েছে। এই সহায়তার মাধ্যমে ইরানকে সামরিক পরিকল্পনায় আরও কার্যকর করা হচ্ছে।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, চলতি মার্চ মাসের শেষের মধ্যে ইরানে ড্রোনের প্রথম ‘লট’ পৌঁছে যাবে। এছাড়া খাদ্য ও ওষুধের চালানও নিয়মিত পাঠানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু সামরিক সহায়তা নয়, বরং রাজনৈতিক মিত্রতার একটি স্পষ্ট সংকেত।
আরও পড়ুন
ইরান ও রাশিয়ার মধ্যে ২০২৩ সাল থেকে বিস্তৃত কৌশলগত সহযোগিতা রয়েছে। ওই বছরের ইউক্রেন যুদ্ধে ইরানের উৎপাদিত ড্রোন ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী। একই বছরের মধ্যে রাশিয়াতেও ড্রোন উৎপাদন শুরু হয়।
ফিন্যান্সিয়াল টাইমস ক্রেমলিনে যোগাযোগ করলে মুখপাত্র জানিয়েছেন, ‘বর্তমানে অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। তবে ইরানের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তা অব্যাহত আছে।’
এএডি/