হ্যালোইনে বিক্ষোভের শঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হ্যালোইন উৎসবের দিন শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

2026-10-30T06:06:59+00:00
2026-10-30T06:06:59+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হ্যালোইনে বিক্ষোভের শঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০৬ এএম 
প্যারিসে বিক্ষোভ চলাকালে একদল বিক্ষোভকারী জলকামান থেকে নিজেদের রক্ষা করছেন। ছবি : সংগৃহীত
হ্যালোইন উৎসবের দিন শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি ‘খুব বেশি’ বলে সতর্ক করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেক বেশি। এ কারণে গত সপ্তাহের বিক্ষোভে মোতায়েন করা সমানসংখ্যক নিরাপত্তাকর্মী এবারও দায়িত্ব পালন করবেন। তিনি এ পদক্ষেপকে ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ বলে উল্লেখ করেন।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে বিক্ষোভ চলছে। এসব কর্মসূচির কোনো কোনোটি ব্যাপক লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। গত শনিবার দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, প্রকৃত সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। এর আগের সপ্তাহে বিক্ষোভ থেকে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মুখ ঢেকে বিক্ষোভে অংশ নেওয়া নিয়ে সতর্কতা

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। হ্যালোইনের মুখোশ বা পোশাক ব্যবহার করে পরিচয় গোপন রেখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করতে বিক্ষোভকারীদের সতর্ক করেছেন নুনেজ।

তিনি জানান, বিক্ষোভের অনুমতি দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় শহরের কেন্দ্রস্থলে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না।

ফ্রান্সের প্রায় ১৫টি শহরে বিক্ষোভের সময় বামপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোকেও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বাড়াবাড়ি সহ্য করা হবে না। সহিংসতার ঘটনায় অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


নুনেজের অভিযোগ, উগ্র বামপন্থী গোষ্ঠী ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইনের সন্ধ্যায় ‘বিপ্লবের’ ডাক দিয়ে বিক্ষোভের বার্তা ছড়াচ্ছেন। এ ধরনের জমায়েত নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি।

ইয়েলো ভেস্ট আন্দোলন ইতোমধ্যে হ্যালোইনের দিন তাদের বিক্ষোভের ‘তৃতীয় পর্ব’ ঘোষণা করেছে। দেশটির জাতীয় পরিষদ এবং সব পৌরসভা ভবনের সামনে বিক্ষোভের আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হ্যালোইন  বিক্ষোভ  শঙ্কা  ফ্রান্স  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: