শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড বুধবার এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে।
বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এটিই প্রথম কোনো জুরির রায়, যা ভবিষ্যতে একই ধরনের হাজারো মামলার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
রায়ে জুরি বোর্ড ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৪২ লাখ ডলার এবং অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে ১৮ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
১০ হাজার কোটি ডলারের বেশি বার্ষিক বিনিয়োগ করা এই দুই প্রতিষ্ঠানের কাছে এই অর্থের পরিমাণ নগণ্য হলেও রায়ের প্রতীকী গুরুত্ব অনেক বেশি বলে মনে করছেন আইনি বিশ্লেষকরা।
কেলি নামের ২০ বছর বয়সি এক তরুণী দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিলেন।
তিনি অভিযোগ করেন, ইউটিউব ও ইনস্টাগ্রামের ‘ইনফিনিট স্ক্রল’-এর মতো আসক্তি তৈরি করার নকশার কারণে শৈশবেই তিনি এই প্ল্যাটফর্মগুলোয় বুঁদ হয়ে পড়েন। এর ফলে তার মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানায়, অ্যাপগুলোর নকশা করার ক্ষেত্রে গুগল ও মেটা চরম গাফিলতি দেখিয়েছে এবং এর সম্ভাব্য বিপদ সম্পর্কে ব্যবহারকারীদের আগাম সতর্ক করতে ব্যর্থ হয়েছে।
বাদীর প্রধান আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘আজকের এই রায় পুরো প্রযুক্তি খাতের জন্য একটি কড়া বার্তা।
এখন থেকে আর দায় এড়িয়ে চলা যাবে না। জবাবদিহির সময় চলে এসেছে।’
এফআর