দিন ফুরাচ্ছে বাটন ফোনের

শাকিল আহমেদ

প্রযুক্তি

দেশে পুরোনো প্রযুক্তির টুজি মোবাইল নেটওয়ার্ক বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে ধাপে ধাপে টুজি প্রযুক্তিনির্ভর

2026-11-30T01:58:17+00:00
2026-11-30T01:58:17+00:00
 
  সোমবার, ৩০ নভেম্বর ২০২৬,
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
দিন ফুরাচ্ছে বাটন ফোনের
শাকিল আহমেদ
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
দেশে পুরোনো প্রযুক্তির টুজি মোবাইল নেটওয়ার্ক বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে ধাপে ধাপে টুজি প্রযুক্তিনির্ভর বাটন ফোনের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করার পরিকল্পনাও করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাটন ফোনের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন মোবাইল ফোন উৎপাদনকারীরা। অন্যদিকে টুজি নেটওয়ার্ক বন্ধ হলে এ প্রযুক্তিতে ব্যবহৃত তরঙ্গ ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কে ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন অপারেটররা।

ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দেশের সামগ্রিক কর্মকাণ্ড আরও বাড়ানোর লক্ষ্য থেকেই টেলিযোগাযোগ খাতে এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।

পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে গ্রাহক পর্যায়ে পুরোপুরি টুজি সেবা বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৭ সালের ৩১ মার্চের পর দেশে টুজি মোবাইল ফোন উৎপাদন এবং একই বছরের ৩০ জুনের পর বাজারে এসব ফোন বিক্রি বন্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া ২০২৬ সালের পর নতুন কোনো টুজি বাটন ফোনের মডেলের অনুমোদন দেওয়া হবে না।

সূত্রে জানা যায়, পুরোনো প্রযুক্তির পরিবর্তে আধুনিক ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সীমিত তরঙ্গ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে টুজি প্রযুক্তিতে ব্যবহৃত তরঙ্গ আধুনিক মোবাইল সেবায় কাজে লাগানো গেলে গ্রাহকদের উন্নত মানের ভয়েস ও ডেটা সেবা দেওয়া সহজ হবে। পাশাপাশি দেশের টেলিযোগাযোগ খাতে প্রযুক্তিগত আধুনিকায়ন ত্বরান্বিত হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, ২০২৪ সালে বিটিআরসির প্রকাশিত স্পেকট্রাম রোডম্যাপেও টুজি প্রযুক্তি পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনার বিষয়টি উঠে আসে। পরবর্তী সময়ে চলতি বছরের ২৯ সেপ্টেম্বর কমিশনের সভায় টুজি সানসেট রোডম্যাপ ও অ্যাকশন প্ল্যান নিয়ে সিদ্ধান্ত হয়।

অন্যদিকে বিটিআরসির এমন পরিকল্পনায় চিন্তার ভাঁজ পড়েছে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারী এবং নিম্নআয়ের মানুষদের কপালে। কারণ বর্তমানে বাজারে ৯৫০ টাকায় একটি টুজি বাটন ফোন পাওয়া যায়। কিন্তু টুজি ফোনের উৎপাদন এবং বিক্রি বন্ধ হলে বিকল্প হিসেবে ফোরজি ফিচার ফোন কিনতে গ্রাহকের লাগবে দুই হাজার টাকা। অর্থাৎ শুধু প্রযুক্তির পরিবর্তনের কারণে একটি ফোন কিনতে দ্বিগুণ অর্থ গুনতে হবে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উৎপাদনের বড় অংশ টুজি ফোন : বিটিআরসির ২০২৩ থেকে ২০২৬ সালের তথ্য অনুযায়ী দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে টুজি প্রযুক্তির মোবাইল ফোন। বাজারে ব্যাপক চাহিদা থাকায় দেশীয় উৎপাদনকারীরা এখনও এ ধরনের ফোন তৈরিতে বেশি গুরুত্ব দেন। বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদনকারী ১৮টি কোম্পানির মধ্যে ১১টি কোম্পানিই টুজি ফোন তৈরি করে। বর্তমানে সারা দেশে সাড়ে ছয় কোটি টুজি গ্রাহক রয়েছে। বিটিআরসির গত তিন বছরের পরিসংখ্যান থেকে জানা যায়, এই সময়ে দেশে স্থানীয়ভাবে উৎপাদিত ও সংযোজিত হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৭ হাজার ২২৬টি মোবাইল হ্যান্ডসেট। এর মধ্যে টুজি ফোন ৪ কোটি ৮২ লাখ ৫ হাজার ১৮৯টি, ফোরজি ফোন ২ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৬১৩টি এবং ফাইভজি ফোন ১২ লাখ ২৬ হাজার ৪২৪টি। অন্যদিকে একই সময়ে আমদানি করা হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৪৩০টি হ্যান্ডসেট। এর মধ্যে টুজি ফোন ২৫ হাজার, ফোরজি ফোন ২ লাখ ৬৬ হাজার ১৫৯টি এবং ফাইভজি ফোন ৫৮ হাজার ২৭১টি।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত তিন বছরে দেশে উৎপাদিত ও সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় ৬৫ শতাংশই টুজি ফোন। ফলে এ প্রযুক্তির ফোনের উৎপাদন ও বিক্রি বন্ধ হলে দেশীয় মোবাইল ফোন শিল্পকে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। একই সঙ্গে এ খাতের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কৌশলেও পরিবর্তন আনতে হবে।

সুবিধা অপারেটরদের, শঙ্কা গ্রাহকের : টুজি নেটওয়ার্ক বন্ধ হলে এ প্রযুক্তিতে ব্যবহৃত তরঙ্গ ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে তরঙ্গ ব্যবহারের দক্ষতা বাড়ার পাশাপাশি মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমতে পারে। একই সঙ্গে ডেটা নেটওয়ার্কের সক্ষমতা ও সেবার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সময়ের আলোকে বলেন, টুজি থেকে আরও আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়া টেলিযোগাযোগ খাতের স্বাভাবিক অগ্রযাত্রা। এতে স্পেকট্রামের ব্যবহার আরও কার্যকর হবে, নেটওয়ার্কের সক্ষমতা বাড়বে এবং গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। তিনি বলেন, টুজি হ্যান্ডসেটের আয়ুষ্কাল সাধারণত তিন থেকে চার বছর। বিটিআরসি ইতিমধ্যে হ্যান্ডসেট নির্মাতাদের আগামী বছর থেকে নতুন টুজি হ্যান্ডসেট উৎপাদন না করার নির্দেশনা দিয়েছে। ফলে ২০৩০ সালের মধ্যে বাজারে টুজি হ্যান্ডসেট প্রায় থাকবেই না। 

তখন ফিচার ফোন ব্যবহারকারীরাও ভোল্টি কিংবা অ্যাপভিত্তিক কলের মাধ্যমে সহজে যোগাযোগ করতে পারবেন। বিশ্বের অনেক দেশ যেমন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে টুজি নেটওয়ার্ক বন্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ডেটাভিত্তিক কলিং প্রচলিত ভয়েস কলের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। এ কারণেই হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগ অ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এই পরিবর্তন সফল করতে সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট নিশ্চিত করা, গ্রাহকদের সচেতন করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ বজায় রাখা জরুরি।

তবে টুজি বন্ধের উদ্যোগে আর্থিক চাপের বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারীদের। তাদের মতে, বর্তমানে স্বল্পমূল্যে টুজি বাটন ফোন কিনতে পারলেও বিকল্প ফোরজি ফোনের দাম অনেক বেশি। ফলে নিম্নআয়ের মানুষ, বিশেষ করে যারা শুধু কথা বলা এবং সাধারণ যোগাযোগের জন্য ফোন ব্যবহার করেন, তাদের জন্য নতুন হ্যান্ডসেট কেনা কঠিন হয়ে উঠতে পারে।

এ বিষয়ে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের  (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ সময়ের আলোকে বলেন, ফিচার ফোনে ফোরজি সুবিধা যোগ করা হলেও গ্রাহকরা স্মার্টফোনের মতো সব ফিচার ব্যবহার করতে পারেন না। তবে উভয় প্রান্তে ফোরজি ফোন থাকলে ভোল্টি প্রযুক্তির মাধ্যমে ভয়েস কল করা সম্ভব। তিনি বলেন, ফোরজি ফিচার ফোনের দাম প্রায় দুই হাজার টাকা, যা টুজি ফোনের তুলনায় প্রায় দ্বিগুণ। 

তাই অতিরিক্ত কোনো নেটওয়ার্ক সুবিধা না পেলে সাধারণ গ্রাহকরা এ ফোন কিনতে আগ্রহী হবেন না। সারা দেশে টুজি নেটওয়ার্ক রয়েছে। ফোরজি ফোনের চাহিদা না থাকলে সরবরাহও থাকবে না। চাহিদা তৈরি হলে উৎপাদনকারীরা সে অনুযায়ী সরবরাহ করবেন। একবার পোরজি ফিচার ফোন তৈরি করা হলেও পরে লোকসান দিয়ে বিক্রি করতে হয়েছে। কারণ একই ধরনের সুবিধার ফোন দ্বিগুণ দামে কিনতে গ্রাহকরা আগ্রহী নন।

জাকারিয়া শহীদ আরও বলেন, বাজারে স্থানীয় চাহিদা থাকা সত্ত্বেও সরকারি সিদ্ধান্তে টুজি হ্যান্ডসেট উৎপাদন বা আমদানি বন্ধ হলে পুরো ফিচার ফোনের বাজার গ্রে বা চোরাই মার্কেটের দখলে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, নকল বা কপি আইএমইআই বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলাজনিত হুমকি তৈরি হবে। তিনি বলেন, দেশে টুজি বা ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি। রাতারাতি টুজি বন্ধ না করে এই বিপুলসংখ্যক গ্রাহককে ফোরজিতে রূপান্তরের জন্য মোবাইল অপারেটরদের বিশেষ ডেটা প্যাকেজ ও অফার দিতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভর্তুকি বা আর্থিক সহায়তার ব্যবস্থা করাও প্রয়োজন।

হুট করে বন্ধ হবে না টুজি : টুজি নেটওয়ার্ক বন্ধের পরিকল্পনা থাকলেও এটি হুট করে বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছে বিটিআরসি। এ বিষয়ে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল সময়ের আলোকে বলেন, ২০২৩ সালে থ্রিজি শাটডাউন হয়েছে। টুজিও একসময় বন্ধ হয়ে যাবে। এরপর বাংলাদেশকে ফাইভজিতে এগিয়ে যেতে হলে ধাপে ধাপে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে। এক জায়গায় আটকে থাকলে চলবে না। তিনি বলেন, এ জন্য বিটিআরসি অনেক দিন ধরেই সমন্বিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। হুট করে টুজি বন্ধ হবে না, পর্যাপ্ত সময় দিয়েই বন্ধ করা হবে। সে অনুযায়ী প্রস্তাব সরকারের কাছে ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্বের বিভিন্ন দেশে টুজি নেটওয়ার্ক বন্ধের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, থাইল্যান্ড ও ভিয়েতনাম ইতিমধ্যে এ প্রক্রিয়া বাস্তবায়ন করেছে। ভারত আগামী বছর এটি বাস্তবায়ন করবে। বাংলাদেশেও ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে টুজি বন্ধের পরিকল্পনা রয়েছে। তবে এ সময়সীমা আরও কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ে টুজি প্রযুক্তি বন্ধ হয়ে যাবে। তখন ডেটাভিত্তিক কলিংয়ের ব্যবহার বাড়বে। এতে কলের গতি ও মান উন্নত হবে। ডেটার দামও সাধারণ ভয়েস কলের তুলনায় কম হওয়ায় গ্রাহকরা সুবিধা পাবেন।

মোবাইল ফোনের দাম বাড়ার আশঙ্কার বিষয়ে বিটিআরসির এ কর্মকর্তা বলেন, শুরুতে মোবাইল ফোনের দাম কিছুটা বাড়তে পারে। তবে ডেটাভিত্তিক কলিং চালু হলে গ্রাহকরা উন্নত গতি ও কলের মান পাবেন। ডেটার দামও প্রচলিত ভয়েস কলের তুলনায় কম।  ফলে দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য সমস্যা থাকবে না বলে মনে করেন তিনি।

সময়ের আলো/ প্রিন্ট/কেএইচও
  বিষয়:   দিন ফুরাচ্ছে  বাটন ফোন  টুজি মোবাইল নেটওয়ার্ক  বিটিআরসি 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: