
এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে বেশ কিছু চমৎকার মহাজাগতিক দৃশ্যের। ছবি : সংগৃহীত
এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে বেশ কিছু চমৎকার মহাজাগতিক দৃশ্যের। ছবি : সংগৃহীত বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে বেশ কিছু চমৎকার মহাজাগতিক দৃশ্যের। তাই আকাশপ্রেমীদের জন্য ডিসেম্বর হতে যাচ্ছে বিশেষ একটি মাস।
অমাবস্যার রাতে তারার রাজ্য- ৮ ও ৯ ডিসেম্বর
রাতের আকাশে দূরের নক্ষত্র, নীহারিকা কিংবা ছায়াপথ দেখতে অমাবস্যার সময় সবচেয়ে ভালো। এ সময় চাঁদের আলো না থাকায় আকাশ অনেক বেশি অন্ধকার থাকে। ফলে, দূরের মহাজাগতিক বস্তুগুলো সহজে চোখে পড়ে।
৮ ও ৯ ডিসেম্বর রাতের আকাশ পর্যবেক্ষণের জন্য এমনই একটি সুযোগ তৈরি হবে। এ সময় ওরিয়ন নক্ষত্রমণ্ডলের তিনটি তারার বেল্টের ঠিক নিচে থাকা ওরিয়ন নেবুলা দেখার চেষ্টা করতে পারেন। এটি এমন একটি অঞ্চল, যেখানে নতুন নতুন নক্ষত্র তৈরি হচ্ছে।
এ ছাড়া, ডিসেম্বর হলো প্লেইয়াডিস নক্ষত্রগুচ্ছ দেখারও ভালো সময়। এখানে এক হাজারের বেশি তারা রয়েছে। খালি চোখে সাধারণত ৭টি তারার মতো দেখা যায়। তবে, বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও অনেক তারা দেখা সম্ভব।
যাদের টেলিস্কোপ রয়েছে, তারা দেখতে পারেন ক্র্যাব নেবুলা। ১০৫৪ খ্রিস্টাব্দে ঘটে যাওয়া একটি সুপারনোভার বিস্ফোরণের অবশিষ্টাংশ এটি। এসব দৃশ্য খুঁজে পেতে স্টারগেজিং অ্যাপের সাহায্য নিতে পারেন।
বছরের দীর্ঘতম রাত- ২১ ডিসেম্বর
২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকালীন অয়নান্ত বা উইন্টার সলসটিস। এ দিন বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত দেখা যায়। ফলে, রাতের আকাশ পর্যবেক্ষণের জন্য বেশি সময় পাওয়া যায়।
এ সময় মেরুজ্যোতি বা নর্দার্ন লাইটস দেখারও ভালো সুযোগ থাকে। বিশেষ করে অরোরাল জোনের কাছাকাছি এলাকায় গেলে আকাশজুড়ে রঙিন আলোর খেলা দেখা যেতে পারে।
মেরুজ্যোতি দেখার জন্য জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কা। এসব অঞ্চলের বিভিন্ন শহরে পোলার নাইট উপলক্ষে উৎসবেরও আয়োজন করা হয়।
অন্যদিকে, দক্ষিণ গোলার্ধে ২১ ডিসেম্বর হবে গ্রীষ্মকালীন অয়নান্ত। সেখানে এ দিন বছরের দীর্ঘতম দিনের দেখা মিলবে।
আকাশজুড়ে রঙিন উল্কার ঝলক- ১৩ ও ১৪ ডিসেম্বর
ডিসেম্বরের অন্যতম বড় আকর্ষণ জেমিনিড উল্কাবৃষ্টি। ১৩ ও ১৪ ডিসেম্বর রাতভর এ উল্কাবৃষ্টির সবচেয়ে বেশি দেখা মিলবে। অনুকূল আবহাওয়া এবং অন্ধকার আকাশ থাকলে প্রতি ঘণ্টায় ১০০টিরও বেশি উল্কা দেখা যেতে পারে। বিশেষত্ব হলো, এসব উল্কা বিভিন্ন রঙে আকাশজুড়ে ছুটে যেতে পারে।
এবার চাঁদের আলোও উল্কাবৃষ্টি দেখার ক্ষেত্রে বড় বাধা হবে না। সন্ধ্যার দিকে সরু চাঁদ অস্ত যাওয়ার পর আকাশ বেশ অন্ধকার থাকবে। ফলে, উল্কা দেখার জন্য দীর্ঘ সময় পাওয়া যাবে।
সবচেয়ে ভালো দৃশ্য দেখতে চাইলে মধ্যরাতের পর আকাশ পর্যবেক্ষণ করুন। জেমিনি নক্ষত্রমণ্ডল থেকে উল্কাগুলো ছুটে আসছে বলে মনে হলেও আকাশের যেকোনো দিকেই এগুলো দেখা যেতে পারে। তাই চারপাশ খোলা এবং শহরের আলোকদূষণ থেকে দূরে এমন জায়গা বেছে নেওয়া ভালো।
বছরের শেষ দিকে আরেক উল্কাবৃষ্টি- ২১ ও ২২ ডিসেম্বর
জেমিনিডের পর ডিসেম্বরের আকাশে দেখা মিলবে আরেকটি উল্কাবৃষ্টির। ২১ ও ২২ ডিসেম্বর চূড়ায় পৌঁছাবে আরসিড উল্কাবৃষ্টি। তবে, এবার উল্কা দেখার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। কারণ, এ সময় আকাশে উজ্জ্বল চাঁদ থাকবে। চাঁদের আলোয় অপেক্ষাকৃত ম্লান উল্কাগুলো সহজে দেখা যাবে না। কেবল উজ্জ্বল উল্কাগুলোই চোখে পড়ার সম্ভাবনা বেশি। তারপরও শহরের আলো থেকে দূরে খোলা জায়গায় অবস্থান করলে উল্কাবৃষ্টি দেখার সুযোগ বাড়বে। তাই জেমিনিডের পরও আকাশের দিকে নজর রাখতে পারেন।
দশকের সবচেয়ে কাছের পূর্ণিমার চাঁদ- ২৩ ডিসেম্বর
ডিসেম্বরের আরেকটি বিশেষ আকর্ষণ বছরের শেষ পূর্ণিমা। ২৩ ডিসেম্বর দেখা যাবে ‘কোল্ড সুপারমুন’। এটি এ দশকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে কাছে আসা পূর্ণিমার চাঁদ। ২০১৮ সালের পর এত কাছে আর কোনো পূর্ণিমার চাঁদ দেখা যায়নি। এ সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে প্রায় ২ লাখ ২১ হাজার ৬৬৭ মাইল।
নাসার তথ্য অনুযায়ী, সাধারণ পূর্ণিমার তুলনায় এই সুপারমুনকে আকারে প্রায় ১৪ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ৩০ শতাংশ বেশি মনে হতে পারে।
চাঁদ দেখার সবচেয়ে ভালো সময় হলো উদয় ও অস্ত যাওয়ার মুহূর্ত। এ সময় দিগন্তের কাছাকাছি থাকায় চাঁদকে তুলনামূলক বড় দেখায়। সূর্যাস্তের সময় পূর্ব আকাশে চাঁদ উঠবে। অন্যদিকে, ভোরের দিকে পশ্চিম আকাশে অস্ত যাবে। এ সময় চাঁদের রঙও উষ্ণ কমলা আভা ধারণ করতে পারে।
একই আকাশে একাধিক গ্রহের মেলা- ডিসেম্বরের শেষ ভাগ
ডিসেম্বরের শেষ দিকে রাত ও ভোরের আকাশে দেখা যাবে দুটি গ্রহ প্যারেড। এ সময় একসঙ্গে একাধিক গ্রহকে আকাশের বিভিন্ন অংশে অবস্থান করতে দেখা যাবে। রাত আনুমানিক ১০টার পর মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শনি ও নেপচুন আকাশের অর্ধেকজুড়ে একটি বাঁকানো রেখার মতো অবস্থান করবে। এর মধ্যে মঙ্গল ও বৃহস্পতিকে পূর্ব আকাশে এবং শনিকে দক্ষিণ-পশ্চিম আকাশে খালি চোখে দেখা যাবে।
তবে, ইউরেনাস ও নেপচুন দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন হবে। শনির নিচের দিকে নেপচুন এবং দক্ষিণ আকাশের আরও উঁচুতে ইউরেনাসকে খুঁজে পাওয়া যাবে। ভোরের দিকে শনি ও নেপচুন দৃষ্টিসীমার বাইরে চলে যাবে। তখন দক্ষিণ-পূর্ব আকাশে শুক্রও এই গ্রহ প্যারেডে যুক্ত হবে।
ডিসেম্বরজুড়ে চাঁদও একের পর এক গ্রহের পাশ দিয়ে অতিক্রম করবে। বিশেষ করে ২৭ ও ২৮ ডিসেম্বর মঙ্গল ও বৃহস্পতির খুব কাছাকাছি অবস্থান করবে চাঁদ। ফলে, মাসের শেষ দিনগুলোতেও আকাশপ্রেমীদের জন্য থাকবে বাড়তি আকর্ষণ।
সব মিলিয়ে ডিসেম্বরের রাতের আকাশে অপেক্ষা করছে নানা বিস্ময়। আকাশ পরিষ্কার থাকলে এবং শহরের আলোকদূষণ এড়িয়ে চলতে পারলে এসব মহাজাগতিক দৃশ্য উপভোগ করার সুযোগ মিলতে পারে।
সূত্র : ন্যাশনাল জিওগ্রাফিক
সময়ের আলো/মহু