নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক সাগর (২৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কারের মালিক নোমারসহ আরও দুইজন আহত হয়েছেন।
আহতদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাগর মেহেরপুর জেলার বাসিন্দা এবং আহতরা ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া ফায়ার সার্ভিসের রিডার রফিকুল আলম।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৪৬৯) এবং বনপড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-২২৯২) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সাগরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়।
নিহতের মরদেহ বর্তমানে বনপাড়া হাইওয়ে পুলিশ থানায় রাখা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।