ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। তেহরানে নতুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তেল আবিবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত কয়েক ঘণ্টায় মাঝে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ড্রোন প্রতিহত করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোররাতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বলে তথ্য জানিয়েছে ইরানের মেহর সংবাদ সংস্থা।
তবে হামলার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
এর আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন।
হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ায় দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আবুধাবির সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পাঁচজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অভিযান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন।
হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননের ভেতরে ও সীমান্তের ওপারে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ৮২টি অভিযান চালিয়েছে। তারা টায়ার ও কানতারা শহরের আশপাশে ইসরায়েলি ট্যাংকে আঘাত হেনেছে এবং মিনিয়ারায় সরাসরি স্থল সংঘর্ষ চালানোর দাবি করেছে।
আজ সন্ধ্যায় হিজবুল্লাহ বৈরুতের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।