মধ্যরাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

চৈত্রের খরতাপের মধ্যেই প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়

2026-03-28T17:07:58+00:00
2026-03-28T17:07:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যরাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম 
ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি। ছবি : সময়ের আলো
চৈত্রের খরতাপের মধ্যেই প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে জেলার বিভিন্ন এলাকা। 

ঝড়ের তাণ্ডবে বসতঘরে ওপর গাছ উপড়ে পড়ে চাকাতি বালা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দেয়াল ধসে আহত হয়েছেন এক দম্পতি। 

এছাড়া ঝড়ের প্রভাবে জেলাজুড়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়লে সদর উপজেলার চানপাড়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝড়ে একটি বিশাল গাছ উপড়ে বসতঘরের ওপর পড়লে ভেতরে একা থাকা চাকাতি বালা নামে এক বৃদ্ধা চাপা পড়েন। এসময় ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের রেল স্টেশন এলাকায় এক প্রতিবেশী বাড়ির তিন তলার ইটের দেয়াল ধসে ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনির টিনের ঘরের ওপর পড়ে। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

এছাড়া, ঝড় ও বড় আকারের শিলার আঘাতে সদর ও আটোয়ারী উপজেলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মাঠের ভুট্টা, গম ও শাকসবজি মাটির সাথে মিশে গেছে। 

লিচু ও আমের মুকুল ঝরে পড়ায় বড় ধরনের আর্থিক লোকসানের শঙ্কায় রয়েছেন বাগান মালিক ও কৃষকরা। অনেক জায়গায় ঘরবাড়ির টিনের চালা শিলার আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে।

শনিবার (২৮ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা। তিনি নিহত বৃদ্ধার পরিবারসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।

অন্যদিকে, বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ বিভাগ মেরামত কাজ চালিয়ে দুপুরে বিদ্যুতের সংযোগ দিয়েছে। 


একই সঙ্গে শনিবার দুপুরে বেশ কিছু সময় ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে ওঠায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

তিনি আরও সতর্ক করে জানান, আগামী ১ এপ্রিল জেলার ওপর দিয়ে আবারও প্রবল বেগে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির উচ্চ আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   পঞ্চগড়  মধ্যরাত  কালবৈশাখী  ঝড়  তাণ্ডব  গাছ  চাপা  বৃদ্ধা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: