ফরিদপুরের ভাঙা উপজেলার পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের আতাদী এলাকায় অবস্থিত সুগন্ধা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে ভাঙা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তেলের মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করা এবং স্টেশনের ট্যাংকিতে থাকা জ্বালানির পরিমাণের সঙ্গে রেজিস্টারের গরমিল পাওয়ায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রোল ও ডিজেল মজুদ থাকা সত্ত্বেও দিনের একটি বড় সময় বিভিন্ন অজুহাতে পাম্প বন্ধ রাখা হচ্ছিল। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হচ্ছিলেন।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেন।
এ সময় পার্শ্ববর্তী কণা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে, ট্যাংক পরিদর্শনকালে মালিক পক্ষের দাবির সত্যতা পাওয়া যায় এবং ট্যাংক ড্রাই পাওয়া যায়। জ্বালানি তেল প্রাপ্তি সাপেক্ষে ফিলিং স্টেশন চালু করার জন্য বলা হয়েছে।
গ্রাহক সাধারণের অভিযোগের ভিত্তিতে ভাঙা উপজেলাধীন মালিগ্রাম বাজারে খোলা দোকানগুলোতে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া গেলে, সেখানে অভিযান পরিচালনা করা হয়।
কিন্তু, সরজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বেশিরভাগ দোকানেই কোনো জ্বালানি তেল পাওয়া যায়নি।
ভাঙা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, যত দিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হচ্ছে ততদিন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এআর