বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে অদূরে মেহেরুন নেছা পারুল (৩০) নামের এক নারী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটে পৌঁওতা রেলগেটের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরুন নেছা পারুল গত রোববার সন্ধ্যায় স্টেশনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হন। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় রাখে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ি হিলি ডাঙ্গাপাড়া। পুলিশ তাকে ট্রেনে তুলে দিলে তিনি বিরামপুর স্টেশনে নেমে মায়ের বাড়িতে যাবেন।
পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তাকে তুলে দেওয়ার সময় ট্রেন চলার সঙ্গে সঙ্গে মেহেরুন নেছা পুলিশের নজর এড়িয়ে লাফ দিয়ে নিচে পড়ে যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত মেহেরুন নেছা পারুল ফুলবাড়ি জেলার বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছাবের আহম্মেদের মেয়ে বলে জানা যায়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, মেহেরুন নেছা নামের ওই নারী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মায়ের কাছে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আরও বিস্তারিত জানা যাবে।
/এমএইচআর