নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এসময় তেল মজুদের দায়ে আলতাফ শেখ নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলতাফ শেখকে জরিমানা করা হয়। সেই সঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরও জানান, এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।
এফআর