প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১১ পিএম
দণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া। ছবি : সময়ের আলোবাঁশখালীতে একটি মুদির দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজি ওজনের ৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক মো. ইয়াহিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের একটি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদুর রহমান তন্ময়।
দণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া (৩১) পশ্চিম পুঁইছড়ি লোসাইপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। অভিযানের সময় ইয়াহিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন, তিনি তার বোনের স্বামী রশিদ আহমদের কাছ থেকে চালগুলো কিনেছেন। রশিদ আহমদ পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদুর রহমান তন্ময় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল দোকানে মজুদ ও বিক্রির দায়ে দোকান মালিক মো. ইয়াহিয়াকে দ-বিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/এসএকে