জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে আমিনুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল মিয়ার ছেলে।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল আমিনুল।
২০২২ সালের ২৪ এপ্রিল মাত্র ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে সুজানাকে নির্মমভাবে মারধর এবং তার পেটে সজোরে লাথি মারে আমিনুল। গুরুতর আহত অবস্থায় সুজানাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার দুই দিন পর নিহতের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে সুজানার স্বামী আমিনুল ইসলাম, শ্বশুর আমজল ও শাশুড়ি খইফুল বেগমকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তদন্ত শেষে নিহতের স্বামী আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমিনুল ইসলামের উপস্থিতিতে সোমবার রায় ঘোষণা করেন আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা-মাকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন, জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক।
এফআর