দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের সরকারি সহায়তা পেতে এক অদ্ভুত ‘লঙ্কাকাণ্ড’ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির প্রকৃত ছবি না দিয়ে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করা একই রকম ছবি ব্যবহার করে প্রায় ৭০০ পরিবার আবেদন জমা দিয়েছে।
সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত ১৬ মার্চ রাতে বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টি ও সামান্য ঝড় হয়েছে। ওই শিলার আঘাতে কিছু লোকের বাড়ির টিনের চালা ছিদ্র হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সরকারি টিন দেওয়ার কথা জানানো হয়। এতে অনেক আবেদনকারী নিজের ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরের ছবি না দিয়ে কম্পিউটারের দোকান থেকে প্রায় একই ছবি বহুজন প্রিন্ট করে নিয়ে আবেদনের সঙ্গে যুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্ণয় করা জটিল হয়ে পড়েছে। টিন পেতে হুজুগে পড়ে ঈদের পর তিন কার্যদিবসে আবেদন করেছেন প্রায় ৭০০ ব্যক্তি।
বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিপুলসংখ্যক আবেদন নিয়ে আমরা রীতিমতো বিপাকে পড়েছি। কম্পিউটারের দোকান থেকে প্রায় একই ছবি বহুজন প্রিন্ট করে নিয়ে আবেদনের সঙ্গে যুক্ত করেছেন। এতে উপজেলাজুড়ে বাড়ি বাড়ি ঘুরে সত্যতা নিরূপণ করা এখন অনেক সময়সাপেক্ষ ব্যাপার।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নির্ণয় করা হবে।
এফআর