ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেনকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্রদল।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা মোক্তার হোসেনকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদ জানান। তারা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে মোক্তার হোসেনকে স্বপদে পুনর্বহালের জোর দাবি জানান।
অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মোক্তার হোসেন নিজেও মানববন্ধনে উপস্থিত থেকে তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সঠিক তদন্তের দাবি করেন।
মানববন্ধন শেষে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এফআর