গাজীপুর মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা জয়দেবপুর রেলক্রসিং এরিয়া। জায়গাটি দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রেখেছে দখলদার ও হকাররা। এসব অবৈধ দখল মুক্ত করতে সোমবার (৩০ মার্চ) যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
তবে অভিযান পরিচালনাকারীরা চলের যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় এলাকাটি দখলে নেয় দখলদাররা। এমন ঘটনায় অভিযানের স্থায়ী কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধ দখল, হকার ও অটোরিকশার বিশৃঙ্খলায় নগরবাসীর জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল জয়দেবপুর রেলক্রসিং এলাকা। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার পর সোমবার প্রশাসন এ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। শুরুতে তিনি উপস্থিত থাকলেও, কিছু সময় পর প্রশাসক স্থান ত্যাগ করলে ধীরে ধীরে অন্যান্য কর্মকর্তারাও সেখান থেকে চলে আসেন। ফলে অভিযানটি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হওয়ার আগেই কার্যক্রম কার্যত স্থগিত হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
অভিযান চলাকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযান একদিনের নয়, এটি চলমান প্রক্রিয়া।
তিনি আরও বলেন, উচ্ছেদের পর যেন পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত তদারকি করা হবে। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দখল প্রতিরোধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে কোনোভাবেই অবৈধ দখল পুনরায় মাথাচাড়া দিতে না পারে।
তবে সরেজমিনে দেখা যায়, অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও ওই এলাকায় অবস্থান নিতে শুরু করে কিছু দোকান ও হকাররা।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নজরদারি ও কঠোর প্রয়োগ না থাকলে এ ধরনের উচ্ছেদ সাময়িক উদ্যোগে পরিণত হয়।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, উচ্ছেদ অভিযানটি আমরা আগামী ২/১ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে পরিচালনা করব। আজকের উচ্ছেদ কার্যক্রমটি আংশিক ছিল, পুরো এলাকা থেকে অবৈধ দখল সম্পূর্ণভাবে সরাতে ধারাবাহিক অভিযান চলবে।
তিনি আরও বলেন, জয়দেবপুর রেলক্রসিং গাজীপুরের প্রাণকেন্দ্র, এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। এই উচ্ছেদ অভিযান নগর ব্যবস্থাপনায় একটি নতুন শৃঙ্খলার সূচনা।
এফআর