শিক্ষকের চড়ে অজ্ঞান ছাত্রী, এলাকায় তীব্র ক্ষোভ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বোচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

2026-04-01T17:02:14+00:00
2026-04-01T17:02:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষকের চড়ে অজ্ঞান ছাত্রী, এলাকায় তীব্র ক্ষোভ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম 
অভিযুক্ত শিক্ষক ফরিদুল আলম। ছবি : সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বোচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সহপাঠীদের অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালে শিক্ষার্থী রেশমি ত্রিপুরাকে ব্ল্যাকবোর্ডে ইংরেজি বর্ণমালা লিখতে বলেন শিক্ষক ফরিদুল আলম। লিখতে না পারায় ক্ষিপ্ত হয়ে তিনি তাকে চড় মারেন। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় সিসিটিভি বন্ধ করে তার মুখ চেপে ধরা হয়, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। পরে সহপাঠীরা অজ্ঞান অবস্থায় তাকে বাড়িতে পৌঁছে দেয়।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী দ্রুত অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির মা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্ত শিক্ষক কোনো জবাব না দিয়ে অফিস কক্ষে অবস্থান করেন। পরে গ্রামবাসীরা তাকে ঘেরাও করে জবাবদিহিতা দাবি করেন এবং অপসারণের দাবিও তোলেন।


ভুক্তভোগী ছাত্রীর মা রজনী ত্রিপুরা বলেন, ছোট বাচ্চাদের এভাবে মারলে তারা কোথায় যাবে? আমরা এমন শিক্ষক চাই না।

অভিভাবকদের দাবি, ঘটনার সময় শিশুটির বাবা-মা জুম চাষে ব্যস্ত ছিলেন। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে এসে তাকে নিয়ে বিদ্যালয়ে যান এবং শিক্ষকের কাছে জবাবদিহিতা চান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম আশরাফ বলেন, ভুক্তভোগী পরিবার বিষয়টি আমাদের জানিয়েছে। ছোট শিশুকে এভাবে শারীরিক শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিণয় চাকমা জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিক্ষকের চড়ে অজ্ঞান ছাত্রী  এলাকায় তীব্র ক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: