নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিয়া মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনির মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করতো।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়।
গোসলের এক পর্যায়ে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭ থেকে ৮ মিনিট পর তাকে উদ্ধার করে। পরে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/জোই