ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪টায় রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছত্রকান্দা মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কেএম আব্দুল্লাহ।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, শিক্ষিকা ফেরদৌসী খানম দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি বর্তমানে আমাকে গত তিন মাস আগে ডিভোর্স দিয়ে আলাদা থাকলেও বিভিন্নভাবে হয়রানি করছেন।
তিনি বলেন, আমার স্ত্রী থাকাকালীন ফেরদৌসী একাধিক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়লে প্রতিবাদ করি। এতে স্বামী ও ছেলেদের ছেড়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ফাঁদ পাতেন। এ ছাড়া আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ ও মামলার করে হয়রানি করছেন।
তিনি আরও জানান, ফেরদৌসী ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় বিভিন্ন অভিযোগের কারণে একাধিকবার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ডেপুটেশনে পাঠানো হয়েছিল। কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার অপসারণের দাবিতে মানববন্ধনও করেছে এলাকাবাসী।
তিনি চামটা এলাকার তালুকদার বাড়ির মেয়ে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ দাবি করেন, গত বছর ২৪ ফেব্রুয়ারি তার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে যান ফেরদৌসী। পাশাপাশি তার নামে ঋণ গ্রহণ ও বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আব্দুল্লাহ।
সময়ের আলো/জোই