প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে আরও দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রীর মর্যাদায় সাবেক সচিব বিজন কান্তি সরকারকে করা হয়েছে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও আছেন বিজন কান্তি সরকার। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যানও।
আরেক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া তানভীর গণি কাজ করবেন বিনিয়োগ ও পুঁজিবাজার নিয়ে।
তানভীর গণি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টাইবোর্ন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে, যা বিভিন্ন দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় না রাখার শর্তে তারা এই দায়িত্ব পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন বিশেষ সহকারীরা।
এফআর