নিজের নামে নামকরণ করা গ্যালারির সামনে গোল করে ইন্টার মিয়ামির নতুন স্টেডিয়ামের উদ্বোধন রাঙিয়েছেন লিওনেল মেসি। ঘরের ছেলের ঘরে ফেরার দিনে ‘লিও মেসি স্ট্যান্ড’ চাক্ষুষ করল জাদুকরের সেই চিরচেনা গোল। তবে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হওয়ায় পূর্ণ পয়েন্ট পাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেনি মিয়ামি। দীর্ঘ ছয় বছর ফোর্ট লডারডেলে খেলার পর অবশেষে নিজেদের শহর মিয়ামির নতুন ঠিকানায় ফেরাটা স্মরণীয় হয়ে রইল আর্জেন্টাইন মহাতারকার গোলেই।
মিয়ামির বহু প্রতীক্ষিত ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার ‘নু স্টেডিয়ামে’ প্রথম গোলটির সুযোগ অবশ্য মেসি পাননি। ম্যাচের ষষ্ঠ মিনিটে অতিথি দলের ডিফেন্ডার গুইলহেরমো বিরো গোল করে মিয়ামি সমর্থকদের স্তব্ধ করে দেন। তবে সেই ধাক্কা সামলাতে মোটে চার মিনিট সময় নেন এলএমটেন। ১০ মিনিটের মাথায় হেডে চমৎকার এক গোল করে সমতা ফেরান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এক নাটকীয় মুহূর্তে আবারও পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি। ৫৩ মিনিটে দ্রুতগতির এক প্রতি-আক্রমণে গোল করে বসেন অস্টিনের জেইডেন নেলসন। মিয়ামিকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা লুইস সুয়ারেস। ৮১ মিনিটে দুর্দান্ত এক ভলিতে মিয়ামিকে ২-২-এ সমতায় ফেরান এই উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের শেষ মুহূর্তে গ্যালারি ঠাসা দর্শকদের স্তব্ধ করে দেয় মেসির একটি ট্রেডমার্ক ফ্রি-কিক। জয়সূচক গোলের সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয় বল পোস্টে লেগে ফিরে এলে।
সময়ের আলো/আআ