রাজধানীর জুরাইন বউবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন(৩০) নামে এক শ্রমিক মারা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আজগর আলী জানান, তাদের বাসা জুরাইন বউবাজার বাগিচা ১নম্বর গেট এলাকায়। হৃদয় দিনমজুরের কাজ করতো। রাতে সাড়ে ১১টার দিকে বাসার সামনে গলিতে যায় হৃদয়। সেখানে বৃষ্টির পানি জমে ছিল। এক পর্যায়ে পানির ভিতর থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় হৃদয়। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
আরও পড়ুন
আজগর আলী জানান, ধারনা করা হচ্ছে, বৃষ্টির পানিতে বিদ্যুতের খুঁটি বিদ্যুদায়িত ছিল। সেখানে হাত দেয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মৃত হৃদয়ের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলার উত্তর চড়ভাঙ্গা গ্রামে বাবার নাম আমানউল্লাহ জমদ্দার। জুরাইন বউ বাজার বাগিচা ১ নং গেইট এলাকায় ভাড়া বাসায় থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।
এএডি/