জিংক অ্যাশ কারখানার শেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানার গোডাউনের শেড মেরামতের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ এপ্রিল)

2026-04-08T21:28:53+00:00
2026-04-08T21:28:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জিংক অ্যাশ কারখানার শেড ধসে দুই শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৮ পিএম 
জিংক অ্যাশ উৎপাদন কারখানা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানার গোডাউনের শেড মেরামতের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে মো. জহির (২৫) এবং নোয়াখালীর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে মো. ফারুক (৪০)। তারা দুজনেই দৈনিক মজুরির ভিত্তিতে ওই কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার একটি লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের সময় জহির ও ফারুক শেডের ওপর ছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো কাঠামোটি ধসে পড়ে এবং ভারী লোহার অ্যাঙ্গেল ও টিনের নিচে চাপা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী যুবক মো. জাফর বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি গোডাউনের পুরো শেড ধসে গেছে এবং নিচে দুই শ্রমিকের নিথর দেহ পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মরদেহ দুইটির স্থানান্তর করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ কারখানার বিরুদ্ধে এর আগেও পরিবেশ দূষণের অভিযোগ ছিল। ২০২৪ সালের ১৮ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছিল। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তা উপেক্ষা করায় আজ দুইটি প্রাণ অকালে ঝরে গেল।

সময়ের আলো/আরবিএন 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: