শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এমপিওভুক্তির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও শর্তাবলি-যেমন শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো, শিক্ষকসংখ্যা, ফল ও ভৌগোলিক প্রয়োজনীয়তা-বিবেচনায় নিয়ে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দিনাজপুর-১ আসনের অন্তর্গত বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৭টি। এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় ২১টি (স্কুল ৬টি, কলেজ ৫টি, মাদ্রাসা ৮টি এবং কারিগরি ২টি) এবং কাহারোল উপজেলায় ৬টি (স্কুল ৩টি, মাদরাসা ২টি এবং কারিগরি ১টি) শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আআ