নাটোরের সিংড়ায় মেসের তালুকদার নামে এক কৃষককে হত্যা মামলায় হাতিন্দাহ ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান মাহবুব উল আলমসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক ও চার জন আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৯ সালের (২৩ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার কলি গ্রামের কৃষক মেছের তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মেছের তালুকদারের ছেলে বাদী হয়ে আট জনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। পরে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
এরপর দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন আদালত। ২৬ বছর পর আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
নাটোর জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ বছর পর নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।
সময়ের আলো/জোই