হবিগঞ্জে সড়কে গাড়ি থেকে চাঁদাবাজি করার সময় চার জনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার সময় শহরের কালী গাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের হাতে থাকা টাকার রশিদ ও নগদ দুই হাজার ৪৩০ টাকা জব্দ করে সেনাবাহিনী। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সদর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হবে। এসব চাঁদাবাজির সঙ্গে আরও কারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সময়ের আলো/জোই