হরমুজ অতিক্রমের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি। কাছাকাছি গিয়েও প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি

2026-04-10T21:48:41+00:00
2026-04-10T21:48:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হরমুজ অতিক্রমের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম 
জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা। সময়ের আলোর ফাইল ছবি
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি। কাছাকাছি গিয়েও প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি ইরানের আইআরজিসি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অতিক্রম করার আশা করা হয়েছিল। 

শুক্রবারও অনুমতি না মেলায় জাহাজটি ফের শারজাহ বন্দরের দিকে রওয়ানা দিয়েছে। সেখানে আপাতত নিরাপদে অবস্থান করবে বলে বিএসসি সূত্র জানিয়েছে। 

সংস্থার কর্মকর্তারা জানান, বাংলার জয়যাত্রা যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে ছিল। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী বন্দরে আটকা পড়ে। পরে সৌদি আরবের রাস আল খাইর বন্দরে আটকে থাকে। যুদ্ধবিরতি শুরুর পর জাহাজটি হরমুজ প্রণালির দিকে রওয়ানা দেয়। শুক্রবার (১০ এপ্রিল) জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি চলে আসে। কিন্তু প্রণালি পার হতে দিচ্ছে না ইরান। সকালের দিকে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু ইরান সরকার তা প্রত্যাখ্যান করে। পরে জাহাজটি ঘুরিয়ে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিএসসি। 


বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছে। তবে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা এখনো অব্যাহত আছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে। সেখান থেকে জাহাজটিকে আপাতত নিরাপদে শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসি সূত্র জানায়, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য কিছুটা উদ্বেগ আছে। হরমুজ পার হতে পারলে সেই উদ্বেগ কেটে যেত। তবে জাহাজে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। জাহাজে প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা আছে। কিন্তু জ্বালানি সাশ্রয় করে ইঞ্জিন চালু রাখতে রেশনিং করে পানির ব্যবহার করা হচ্ছে। এ জন্য দৈনিক পানি উৎপাদন ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। বেসিক বেতনের সমপরিমাণ হওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসি জানায়, বাংলার জয়যাত্রা ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য ভর্তি করার পরিকল্পনা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। 

সময়ের আলো/জোই



  বিষয়:   হরমুজ প্রণালি  বাংলার জয়যাত্রা  ইরান  আইআরজিসি  বাংলাদেশ শিপিং করপোরেশন  বিএসসি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: