অভিনয় থেকে বিরতি নেওয়ার ইচ্ছার পর এবার রাজনীতিতে আসতে চলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল। জনগণের সেবা করার লক্ষ্যেই বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান তিনি। কোনো রাজনৈতিক দলের নাম প্রকাশ না করলেও সঠিক নেতৃত্বের উদাহরণ হিসেবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন অনন্ত জলিল।
অনন্ত জলিল বলেন, ‘বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করেন। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।
রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়।
তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’
আরও পড়ুন
অনন্ত জলিলের মতে, সৎভাবে কাজ করলে জনগণ কখনো কাউকে প্রত্যাখ্যান করে না। তার বিশ্বাস, সততা থাকলে মানুষের সমর্থন পাওয়া সম্ভব।
তিনি বলেন, ‘কেউ যদি সৎ থাকে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।’
এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। এবার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে এই তারকা দম্পতি।
২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় নায়িকা হেসেবে দেখা গেছে বর্ষাকে। প্রথম সিনেমায় অভিনয় করতে গিয়েই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং ২০১১ সালে বিয়ে করেন অনন্ত-বর্ষা। চলতি বছরের শুরুতে সিনেমা থেকে বিরতির কথা জানান তারা।
এএডি/