মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্র ‘গ্যাং বোরহান’-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান রাজ্যের কোটা বারু এলাকায় পরিচালিত এ অভিযানে চক্রটির মূল হোতাসহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, গ্রেফতার হওয়া মূল হোতা একজন স্থানীয় মালয়েশীয় নাগরিক। এর আগে একই অপরাধে গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে আবারও মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
ইমিগ্রেশনের বিশেষ কৌশলগত দল (পিএএসটিএকে) এবং কেলান্তান শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে দুইজন স্থানীয় ‘রিসিভার’কে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে মূল হোতাসহ আরও চারজন স্থানীয় নাগরিককে গ্রেফতার করা হয়। একই স্থান থেকে উদ্ধার করা হয় পাচার হয়ে আসা ২২ জন বিদেশি নাগরিক।
উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে রয়েছেন ৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং মিয়ানমারের ১৭ জন নাগরিক (৮ জন পুরুষ ও ৯ জন নারী)। তাদের বয়স ১৩ থেকে ৪২ বছরের মধ্যে। বর্তমানে সবাইকে কেলান্তান ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।
তদন্তে জানা গেছে, চক্রটি সমুদ্র উপকূলীয় পথ ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাত। এরপর তাদের কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকায় পাঠানোর আগে গোপন আস্তানায় আটকে রাখা হতো।
আইনি প্রক্রিয়ায় আটক ৫ জন স্থানীয় নাগরিকের বিরুদ্ধে মানবপাচার বিরোধী আইন ২০০৭-এর অধীনে তদন্ত চলছে। অন্যদিকে, বাংলাদেশিসহ ২২ জন বিদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দেখানো হয়েছে।
অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে, যা পরবর্তী তদন্তে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
সময়ের আলো/আআ