নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার তালিকাভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের পার্শ্ববর্তী বন্দর উপজেলা কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রক্সি মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার বাসিন্দা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রিহ্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র পর্যালোচনায় দেখা যায় যে, রক্সি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং মোগরা পাড়া থেকে কাইককেরটেক চলাচলের সড়কে দিনে দুপুরে এলাকার রাস্তায় পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির ছুরিকাঘাত করে আসছিল।
এ ছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতো। সাধারণ মানুষের জমি দখল এবং স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সে।
তার বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, রক্সিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই