গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ উদ্ধারের জন্য প্রতিবেশীকে ফোন দিয়ে অনুরোধ করেছেন এক স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকায় মাসুদ মিয়ার বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ঝর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার হামিদুল ইসলামের মেয়ে। দুই বছর আগে পারিবারিক অমতে অপু নামে এক যুবককে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে একই এলাকার মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের বাবা হামিদুল ইসলাম জানান, পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে বিয়ে করায় মেয়ের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। স্বামীর সঙ্গে স্থানীয়ভাবে ভাড়া বাসায় বসবাস করতেন ঝর্ণা। তার স্বামী অপু একটি পরিবহনে মিনিবাস চালক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
বাড়ির মালিক লাভলী আক্তার জানান, শনিবার সন্ধ্যায় অপু তার পূর্বের বাসার প্রতিবেশী তানিয়াকে মোবাইল ফোনে ঝর্ণার মৃত্যুর বিষয়টি জানায়। খবর পেয়ে তানিয়া ঘটনাস্থলে এসে বিষয়টি তাকে অবহিত করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই