ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী।
মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সাথে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমিসংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০/২৫ জন দা, ফালা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।
খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাধা দিতে আসলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি আঘাত করে। এতে নূরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে জখম হয়। এ সময় নূরুন্নাহারের বাড়ি-ঘর কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে বাড়ির লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা করেন।
মামলার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। এরে পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ (রোববার) বিচারক মো. সামছুদ্দিন পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
এফআর