বাগেরহাটের মোরেলগঞ্জের সানকিভাঙা গ্রামে পুরোনো একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা কেটে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে একটি মহলের বিরুদ্ধে। এতে কয়েক গ্রামের শিক্ষার্থী, মুসল্লি ও রোগীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় ভুক্তভোগীরা এ ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ, গত ১১ অক্টোবর সানকিভাঙা থেকে বদনিভাঙাগামী মাটির রাস্তাটি কেটে সর্বসাধারণের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শত-শত লোক ২টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মসজিদ ও হাটবাজারে যাতায়াত করেন।
এ ঘটনায় মো. শাহাদাত হাওলাদারসহ ৫ জন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সোহেল তালুকদার, জহির হাওলাদার, জুয়েল হাওলাদারসহ ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদের মধ্যে জুয়েল হাওলাদার বলেন, রাস্তাটি তার চাচার ব্যক্তি মালিকানাধীন জমিতে। জনস্বার্থে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল, এখন বিকল্প রাস্তা করে আগেরটি বন্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, রাস্তা কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। শীঘ্রই রাস্তাটি জনগণের চলাচলের জন্য উপযোগী করাসহ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা