খরচ কমাতে ট্রাকে যাত্রা করেছিলেন নিহত ৭ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বাংলার দিগন্তজোড়া মাঠে এখন সোনালি বোরো ধানের ঘ্রাণ। সেই ধান কেটে কিছু টাকা আয় করার জন্য ঘর ছেড়েছিলেন দিনাজপুরের একদল

2026-04-14T12:52:04+00:00
2026-04-14T12:55:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
খরচ কমাতে ট্রাকে যাত্রা করেছিলেন নিহত ৭ শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৫২ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১২:৫৫ পিএম  (ভিজিট : ৪৪)
নিহেতদের মরদেহ। সংগৃহীত ছবি
বাংলার দিগন্তজোড়া মাঠে এখন সোনালি বোরো ধানের ঘ্রাণ। সেই ধান কেটে কিছু টাকা আয় করার জন্য ঘর ছেড়েছিলেন দিনাজপুরের একদল শ্রমজীবী মানুষ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন ধুলোয় মিশে গেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিচঢালা পথে। কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ হারিয়েছেন ৭ জন শ্রমিক, যাদের প্রত্যেকের কাঁধেই ছিল এক একটি পরিবারের ভার। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দাউদকান্দি হাইওয়ে থানায় যখন স্বজনদের আহাজারি আকাশ-বাতাস ভারী করছিল।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ১৩ জন শ্রমিকের একটি দল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। লক্ষ্য ছিল বোরো ধান কাটার মৌসুমে দিনমজুর হিসেবে কাজ করা। বাসের ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় এবং যাতায়াত খরচ বাঁচিয়ে সেই টাকা বাড়িতে পাঠানোর তাগিদে তারা একটি চালবোঝাই ট্রাকে চড়ে বসেন। ট্রাকের ওপর খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়েই তারা যাচ্ছিলেন। কিন্তু সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। নিয়ন্ত্রণহীন ট্রাকটি সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। 

নিহতরা সবাই উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের বাসিন্দা। তারা হলেন- নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২); এবং বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও প্রবীণ শ্রমিক আবদুর রশিদ (৫৮)। 

নিহত সোহরাব হোসেনের ভগ্নিপতি জসিম উদ্দিন সকালে থানায় এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “সোহরাব ভাই পরিবারের একমাত্র ভরসা ছিলেন। তার উপার্জনেই ছেলেমেয়েদের মুখে অন্ন জুটত। বাসের ভাড়া বাঁচিয়ে সেই টাকা দিয়ে হয়তো পরিবারের জন্য ভালো কিছু নিয়ে যেতেন চেয়েছিলেন। কিন্তু এখন আমরা তার লাশ নিয়ে বাড়ি ফিরছি।” প্রতিটি মরদেহের পাশে স্বজনদের এমন আর্তনাদ উপস্থিত সবার চোখকে আর্দ্র করে তোলে।

দুর্ঘটনায় আরও ছয়জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা হলেন- আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নয়ন দে জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও হাড় ভেঙে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল এবং হাইওয়ে থানা পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ এলাকায় পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

/কহু



  বিষয়:   নিহত  শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: