ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, সাময়িক যুদ্ধবিরতি বাড়ানোর চেয়ে সংকট সমাধানে একটি স্থায়ী সমঝোতা চুক্তি স্বাক্ষর করাই বেশি গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে জানান, পরিস্থিতি সামাল দিতে শুধু যুদ্ধবিরতি বাড়ানো যথেষ্ট নয়।
কার্লের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি যেকোনো দিকে যেতে পারে, তবে তার মতে একটি পূর্ণাঙ্গ চুক্তিই বেশি কার্যকর সমাধান হতে পারে।
ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি স্বাক্ষর হলে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে সংঘাতে জড়িত উগ্রপন্থীদের অনেকাংশেই নির্মূল করা হয়েছে।
আরও পড়ুন
তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে নতুন একটি রাজনৈতিক কাঠামো তৈরি করার সুযোগ তৈরি হয়েছে, যা স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে বলে জানা যায়। এরপর টানা সংঘাত শেষে ৭ ফেব্রুয়ারি থেকে দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায়।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানে নিতে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
তবে নতুন করে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, শিগগিরই দুই দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে পারেন এবং আগামী কয়েক দিনে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যেতে পারে।
এএডি/