ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেফতার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা উভয়ই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন, আনিকা রায়হান সুচনা (২৯), রায়হান (২৪) এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন, যারা প্রধান আসামি প্রান্তের স্বজন বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, মো. আইয়ুব আলী, শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার (নম্বর-২৪) ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে ধামরাই থানার একটি দল পাঠানটোলা এলাকায় অভিযানে যায়। অভিযানে গিয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা করলে তারা দেশীয় অস্ত্রসহ বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় হামলার ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের থানায় নেওয়ার পথে তাদের সহযোগীরা পুলিশের পিকআপ ভ্যানের গতিরোধ করে বাধা সৃষ্টি করে।
এ সময় তারা এক পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে ফেলে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরবিএন