ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীর স্বর্ণের চেইন ছিনতাই

ভোলা (বোরহানউদ্দিন) সংবাদদাতা

সারাদেশ

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে

2026-10-21T09:49:29+00:00
2026-10-21T09:49:29+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীর স্বর্ণের চেইন ছিনতাই
ভোলা (বোরহানউদ্দিন) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ এএম 
পুলমা রানী ও ও তার স্বামী। ছবি : সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মোটরসাইকেলে এসে ওই নারী ও তার স্বামীর পথরোধ করে চেইন নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পুলমা রানী দে (৬০) নামে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার প্ল্যান্ট সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুলমা রানী দে বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পাওয়ার প্ল্যান্ট সড়কে অবস্থিত অনির বাবাজির মন্দিরে কবিগান শুনে স্বামীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন পুলমা রানী দে। পথে মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় দুই যুবক তাদের অনুসরণ করেন। পরে কুতুবা জামে মসজিদসংলগ্ন পাওয়ার প্ল্যান্ট সড়কের নির্জন এলাকায় তাদের পথ আটকে দেন।

এ সময় যুবকেরা ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে পুলমা রানী দের গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান বলে অভিযোগ করেন ওই দম্পতি।


সরকারি সুবিধা দেওয়ার কথা বলে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নেও ফ্যামিলি কার্ডের জন্য ছবি তোলার কথা বলে এক নারীর স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার দৌলতখান উপজেলা ও ভোলা সদরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একই কৌশলে ধারাবাহিকভাবে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, ফ্যামিলি কার্ডসহ সরকারি কোনো সুবিধা দেওয়ার কথা বলে অপরিচিত কেউ যোগাযোগ করলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন ব্যক্তিরা।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে তৎপর রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফ্যামিলি কার্ড  নারী  স্বর্ণের চেইন  ছিনতাই  ভোলা  বোরহানউদ্দিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: