প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ এএম
ছবি : সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে।
এ সময় টর্চলাইটের আলো জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাদের জমি থেকে ঘাস কাটার অভিযোগে আলমগীরকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য গ্রামে সালিশ বৈঠক বসে। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলেও জানা গেছে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/আতা