১০ মে শুরু পুলিশ সপ্তাহ, খরচ সাশ্রয়ে কাটছাঁট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি ও খাবার খরচসহ সার্বিক পরিচালন ব্যয় কমিয়ে আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক

2026-04-17T12:40:51+00:00
2026-04-17T12:40:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১০ মে শুরু পুলিশ সপ্তাহ, খরচ সাশ্রয়ে কাটছাঁট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
জ্বালানি ও খাবার খরচসহ সার্বিক পরিচালন ব্যয় কমিয়ে আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এবারের আয়োজনে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। সাত দিনের অনুষ্ঠান সীমিত করা হয়েছে চার দিনে, কমানো হয়েছে ইভেন্ট ও অতিথির সংখ্যা। এমনকি পদকপ্রাপ্তদের তালিকায়ও এবার থাকছে বিশেষ নিয়ন্ত্রণ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে ১১৫ জন সদস্য পদক পাচ্ছেন। তবে অন্তর্বর্তী সরকারের আমলে বাদ পড়া রাষ্ট্রপতির সঙ্গে পুলিশের সম্মিলন অনুষ্ঠানটি এবার পুনরায় ফিরে আসছে। এরই মধ্যে পুলিশ সদর দপ্তরের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশ সপ্তাহের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে ৯ দফা নির্দেশনা জারি করা হয়। সেই নির্দেশনার আলোকেই এবারের পুলিশ সপ্তাহের আয়োজন সাজানো হয়েছে। খরচ বাঁচাতে রাজারবাগসহ পুলিশের স্থাপনাগুলোতে এবার কোনো আলোকসজ্জা করা হচ্ছে না। কমানো হয়েছে খাবারের মেনুও। এছাড়া নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভাও এবার রাখা হয়নি। এমনকি প্যারেডে অংশ নেওয়া পদকপ্রাপ্ত সদস্য ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদের নিচের কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

চার দিনের এই আয়োজনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির মধ্যে রয়েছে- পুনাক বার্ষিক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন, আইজিপি সম্মেলন, শিল্ড প্যারেড এবং আইজি’জ ব্যাজ প্রদান। এছাড়া এসবি, সিআইডি ও পিবিআইয়ের প্রেজেন্টেশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সম্মেলন এবং অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে রাজারবাগ মাঠে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য প্যারেড।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, ‘এবার ১০ মে থেকে চার দিনের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করবেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে ২৪টি কমিটি ও বেশ কিছু উপকমিটি কাজ করছে।’

/কহু



  বিষয়:   পুলিশ সপ্তাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: