ঢাকার ধামরাইয়ে পোলট্রি মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আন্না খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরের দিকে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের ভাষ্য, শেয়ালের মুরগি চুরি রোধে সংযোগ করে রাখা বৈদ্যুতিক তারে লেগে স্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়।
নিহত আন্না খাতুন ওই এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে উঠে ওই আন্নার স্বামী তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে খামারের কাছে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। তাকে ধরতে গিয়ে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ বন্ধ করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হবে বলে জানা যায়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনার কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই