দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকটে ঘিরে ভোগান্তিতে সাধারণ মানুষ। তেল পেতে দীর্ঘ লাইনে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। ঘণ্টার ঘণ্টা অপেক্ষা করেও পূরণ হয় না তেলের চাহিদা। আবার দীর্ঘ অপেক্ষায় ব্যাহত হয় অন্যান্য কাজকর্ম। তেলের জন্য এমন পরিস্থিতিতে পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা গেছে নারীদের।
শনিবার (১৮ এপ্রিল) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুরে অংগন ফিলিং স্টেশনে পুরুষদের পাশাপাশি ডিজেল কার্ড ও তেলের বোতল হাতে অপেক্ষা করতে দেখা গেছে নারীদের।
দীর্ঘ লাইনে অপেক্ষারত আকলিমা খাতুন নামে এক নারী বলেন, তার স্বামী তেল নিতে আসলে পাম্পেই দিন পার হয়ে যায়। এতে ফসলের মাঠে অন্যান্য কাজ সময় দিতে পারেন না তিনি। তাই স্বামীকে কৃষি কাজে পাঠিয়ে ডিজেল নিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি।
আসমা খাতুন নামের আরেক নারী বলেন, আমাদের কৃষি মালামাল বহনের একটি পাওয়ার টিলার আছে। বাড়ির পুরুষ লোকেরা যেদিন তেল নিতে আসে, সেইদিন আর গাড়ির চাকা আর ঘুরে না। পরিবারের আয় রোজগার বন্ধ হয়ে যায়। তাই স্বামী-সন্তানকে কাজে পাঠিয়ে আমি তেল নিতে এসেছি।
সন্ধ্যা রানী নামের একজন বলেন, তার স্বামী অসুস্থ। এই গরমের সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে তিনি আরও অসুস্থ হয়ে যাবেন। স্বামীর কষ্ট কমাতে তিনি নিজেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন।
পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, অন্য দিনের তুলনায় আজ পেট্রোল চাহিদা কম। তবে ডিজেলের জন্য ভিড় অনেক বেশি। শৃঙ্খলা বজায় রাখতে তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেন, পাঁচজন পুরুষকে তেল দেওয়ার পর নারীদের লাইন থেকে একজনকে তেল দেওয়া হচ্ছে। জীবননগরের অন্যান্য পাম্পগুলোতেও আজ নারীদের এমন দীর্ঘ লাইন চোখে পড়েছে।
এফআর