আজ থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

2026-04-20T04:35:15+00:00
2026-04-20T04:35:15+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
আজ থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ এএম 
প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ছবি : সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পরিসরে তিন সপ্তাহের এ টিকাদান কর্মসূচিতে মোট টিকা পাবে এক কোটি ৮০ লাখ শিশু। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

রোববার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এর আগে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১৮ জেলার উচ্চ-ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু করে সরকার। পরে ১২ এপ্রিল থেকে এই কর্মসূচি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় সম্প্রসারিত করা হয়।

হাসানুল মাহমুদ জানান, ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, ৫ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

অন্যদিকে আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ অভিযানটি সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার শুরু থেকে রোববার পর্যন্ত সব মিলিয়ে এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ শিশু। এর মধ্যে বরিশাল বিভাগে ১ লাখ ১৬ হাজার ৮৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৬৬ হাজার ৪৭৮ জন, ঢাকা বিভাগে ৬ লাখ ১৩৪ জন, খুলনা বিভাগে ৭৪ হাজার ৫৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ২৯ হাজার ৩৮৯ জন এবং রাজশাহী বিভাগে ৩ লাখ ৯৯ হাজার ৭৪৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। সরকার এই চার সিটি করপোরেশনে ৯ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

১২ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চার সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৬৫১ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ লাখ ৪৪ হাজার ৮১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ লাখ ৮৮ হাজার ৯০২ জন, বরিশাল সিটি করপোরেশনে ১৬ হাজার ৪৪ জন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে ১৬ হাজার ৮৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

  বিষয়:   সারাদেশ  টিকাদান  কর্মসূচি  হামের প্রাদুর্ভাব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: