তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে প্রকৃতির জোড়া আঘাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। একদিকে বৈশাখের কাঠফাটা রোদ ও দাবদাহে তপ্ত হচ্ছে মাঠ-ঘাট, অন্যদিকে দিগন্তে ঘনাচ্ছে শক্তিশালী এক বজ্র-বৃষ্টিবলয়। আগামী এক সপ্তাহে দেশের আবহাওয়া রূপ নিতে পারে এক চরম রুদ্রমূর্তিতে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক সতর্কবার্তায় জানিয়েছেন, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। এই আগুনের হলকা বিশেষ করে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও রংপুর বিভাগে বেশি অনুভূত হবে। ২৭ এপ্রিল পর্যন্ত এই অসহনীয় গরম অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই স্বস্তির বদলে দুর্যোগের বার্তা দিচ্ছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
তাদের বিশ্লেষণ অনুযায়ী:সম্ভাব্য সময়: ২৬ বা ২৭ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ (৭-৮ মে) পর্যন্ত।
সক্রিয়তা: এই বৃষ্টিবলয়টি পর্যায়ক্রমে দেশের সব বিভাগেই ছড়িয়ে পড়বে।
হটস্পট: সবচেয়ে বেশি বৃষ্টির তোড়ে ভাসতে পারে সিলেট বিভাগ। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও এর শক্তিশালী প্রভাব থাকবে।
আরও পড়ুন
সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে, এই বৃষ্টিবলয় কেবল শীতল হাওয়া নিয়ে আসবে না। সাথে থাকবে তীব্র বজ্রপাত এবং দানবীয় কালবৈশাখী ঝড়। দেশের বিভিন্ন স্থানে বড় আকারের শিলাবৃষ্টিরও জোরালো শঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেটে অতি ভারী বর্ষণের কারণে জনজীবনে ব্যাঘাত ঘটতে পারে।
প্রকৃতির এই খামখেয়ালি আচরণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একদিকে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত তরল গ্রহণ, অন্যদিকে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকাই এখন একমাত্র বাঁচার পথ।
এএডি/