যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই মার্কিন নাগরিকরা জ্বালানি তেলের দাম কমবে বলে আশা করতে পারেন। গত সোমবার ‘দ্য হিল’-এর একজন সংবাদদাতার সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর মাধ্যমে তিনি তার শীর্ষ জ্বালানি কর্মকর্তার দেওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসের সঙ্গে দ্বিমত পোষণ করলেন।
এর আগে, গত রোববার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেছিলেন, প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ৩ ডলারের নিচে নামতে ২০২৭ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে বলেন, আমি মনে করি তিনি ভুল বলছেন। সম্পূর্ণ ভুল। ট্রাম্পের মতে, যুদ্ধ শেষ হওয়া মাত্রই বাজারে দাম কমে আসবে।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প এবং রিপাবলিকানরা বর্তমানে ব্যাপক চাপের মুখে রয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জীবনযাত্রার ব্যয় কমানোর যে অঙ্গীকার তারা করেছিলেন, তা রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ।
ট্রিপল এ-এর হিসেব অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন রেগুলার গ্যাসের গড় দাম ছিল ৪.০৪ ডলার, যা গত বছরের এই সময়ের (৩.১৫ ডলার) তুলনায় অনেক বেশি। এছাড়া সোমবার বিশ্ববাজারে তেলের দাম নতুন করে আরও ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ট্রাম্পের এই আশ্বাস বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে, যা আসন্ন নির্বাচনে ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
/ইউএমএইচ