হত্যা মামলার গ্লানি মাথায় নিয়ে গরাদবন্দি জীবন, তবুও থামেনি শিক্ষার স্বপ্ন। দেশজুড়ে শুরু হওয়া ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এক অন্যরকম দৃশ্যের সাক্ষী হলো নোয়াখালী জেলা কারাগার। আদালতের বিশেষ অনুমতিতে কারাগারের ভেতর থেকেই পরীক্ষায় বসেছে মাহবুব এলাহী রাজিন (১৫) নামের এক কিশোর শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে রাজিনের এই বিশেষ পরীক্ষা শুরু হয়। সে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, একটি হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর রাজিনকে প্রথমে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। তবে শিক্ষার অধিকার রক্ষায় সে পরীক্ষার আবেদন করলে নোয়াখালী জেলার সিনিয়ল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি প্রদান করেন। বর্তমানে নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রের অধীনে কারাগারের অভ্যন্তরেই তার জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, আদালতের নির্দেশনা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের যথাযথ বিধিমালা অনুসরণ করে রাজিনের পরীক্ষা নেওয়া হচ্ছে। কারাগারের জেল সুপার আ. বারেক নিশ্চিত করেছেন, তার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করা হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নোয়াখালী জেলায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৫ হাজার ১০৭ জন, দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনাল শাখায় ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে।
/কহু