রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় বৈদ্যুতিক খুটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (৪৫)। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠে সামনে বথরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক নর উত্তম বিশ্বাস (এসআই) জানান, খবর পেয়ে বাসাবো খেলার মাঠ বাথরুমের পাশে ফুটপাতের মৃত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হাসপাতালে মৃত ব্যক্তির ভাগনে সুমন ইসলাম জানান, তার মামার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। স্ত্রী ও চার সন্তান গ্রামের বাড়িতে থাকে।
তিনি আগে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। তখন দক্ষিণ বাসাবোতে থাকতো। তার মামা মাদকাসক্ত ছিল। গত দেড়মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসে। তবে তার কোন খোজ ছিল না।
পুলিশের মাধ্যমে জানতে পারি বাসাবো খেলার মাঠ এলাকায় তার মরদেহের পাওয়া গেছে। তবে তিনি বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/কেএইচও