৪২ বছর মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলীর

শাহ্ আলম, বেড়া (পাবনা)

সারাদেশ

৪২ বছর ধরে নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি ৫৯ বছরের বৃদ্ধ মেছে রহম আলী শেখের। ৩৮ বছর আগে সাঁড়াশিয়া

2026-04-22T04:36:39+00:00
2026-04-22T04:36:39+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
৪২ বছর মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলীর
শাহ্ আলম, বেড়া (পাবনা)
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ এএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
৪২ বছর ধরে নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি ৫৯ বছরের বৃদ্ধ মেছে রহম আলী শেখের। ৩৮ বছর আগে সাঁড়াশিয়া গ্রামে পৈতৃক বসতবাড়ি যমুনা নদীর ভয়াল গ্রাসে বিলীন হয়ে গেলেও এখন পর্যন্ত নিজস্ব জায়গায় বাড়ি করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে বেদুইনের মতো যাযাবর জীবনযাপন করছেন রহম আলী শেখ। একাধিকবার তার ওয়ার্ডের পুরুষ ও মহিলা ইউপি সদস্যরা জাতীয় পরিচয়পত্র এবং ছবি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের তালিকায় নামধাম দিলেও ভাগ্যের নির্মম পরিহাসে অজ্ঞাত কারণে তার মাথা গোঁজার ঠাঁই হয়নি আশ্রয়ণ প্রকল্পের জায়গায়। বয়সের ভারে নুয়েপড়া রহম আলী এখন ১০ সদস্যের পরিবার নিয়ে ৯ চালা টিনের একখানা ছাপড়া ঘরে কোনোমতে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছেন। 

বলছিলাম পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামের মৃত জয়নাল বিডিআরের বাড়ির জায়গায় আশ্রয় নিয়ে বসবাসরত মৃত হারেস শেখের সন্তান রহম আলী শেখের কথা।

রহম আলী শেখ এ প্রতিবেদককে জানান, তার বয়স যখন ১৬-১৭ বছর তখন থেকে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতেন। সেই সময়ে সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে নগেন চৌধুরীর কাছে বরশি দিয়ে মাছ ধরার কৌশল শিক্ষা নেন। 

তিনি বলেন, প্রায় প্রতিদিন বিকাল থেকে সারারাত ছোট্ট একটি ডিঙি নৌকা যমুনা নদীর মধ্যে নোঙর করে হাস-মুরগির মাংস মসলা দিয়ে সেদ্ধ করে তার সঙ্গে মৃত শুশুকের তেল মিশ্রণ করে পানিতে চাঁর ফেলে দিলে গাং ঘাইরা ও বাচামাছগুলো ঝাঁকে-ঝাঁকে উজিয়ে নৌকার কাছে চলে আসে। এ সময় একহাত পরিমাণ নাইলন সুতা দিয়ে তৈরি কালছাড়া হুক সিস্টেম বড়শি দিয়ে খোঁচা মেরে মেরে মাছগুলো নৌকাতে তোলেন।

রহম আলী বলেন, একসময়ে এ পদ্ধতিতে এক থেকে তিন ঘণ্টার ব্যবধানে এক থেকে দেড় মণ মাছ ধরা পড়ত। যার বর্তমান বাজারমূল্য প্রতি কেজি ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে নদীতে মাছ কমে যাওয়ায় এবং তারমতো আরও অনেকেই একই পদ্ধতিতে মাছ ধরার কারণে আগের মতো আর মাছ পাওয়া যায় না।

রহম আলীর স্ত্রী সুজাতা খাতুন বলেন, এত বছর ধরে নদীতে মাছ ধরে টাকা-পয়সা যা রোজগার করেছে তার সবই সংসারে খরচ করেছে। আজ পর্যন্ত একটি টাকাও সঞ্চয় এবং মাথা গোঁজার মতো কোনো ঠাঁই করতে পারেনি। এক বছর হলো তাদের একমাত্র মেয়েটার স্বামী মারা যাওয়ায় তিন সন্তান নিয়ে বিধবা হয়ে মেয়েটি তাদের অভাবী সংসারে এসে অভাবের ওজন আরও ভারী করেছে। সুজাতা আরও বলেন, সংসারে অভাবের কারণে আমি বসে না থেকে মহাজনের কাছ থেকে পাট এনে তা দিয়ে সুতা কেটে মুজরি হিসেবে যে টাকা পাই তা দিয়ে কোনো রকমে দিনাতিপাত চলছে।

রহম আলী প্রসঙ্গে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ছালাম মোল্লা বলেন, রহম আলীর বিষয়ে মানবিক দিক বিবেচনা করে আমরা সরকারি দল হিসেবে সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।

রহম আলী শেখের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার বলেন, আমি তাকে এমনি চিনি-জানি। আপনার মাধ্যমে জানতে পারলাম তার নিজস্ব কোনো জায়গা জমি নেই। সে আমার কাছে কোনো দিন তার সমস্যার কথা বা কোনো বিষয় নিয়ে আসেনি। তার এ দুরবস্থা জানলে আরও অনেক আগেই একটা ব্যবস্থা করতাম। 

তিনি আরও বলেন, রহম আলীর বিষয়টি খুব তাড়াতাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি অবহিত করব।


  বিষয়:   রহম  আলী  শেখ  পাবনা  বেড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: