(যা কিছু থাকে গোপন)
আমরা গোপনে কথা বলতে বলতে একদিন ভালোবেসে ফেলি। আমরা ভাবি ভালোবাসলে তো বিয়েটাও করে ফেলা জরুরি। তুমুল প্রেমের টানে আমরা পালিয়ে যাই। বিয়ে, ঘর সংসার, বাচ্চা বিয়োনো সবই ঠিকঠাক চলে। আমরা একদিন একটা দ্বীপে বেড়াতে যাই- আমরা দুজন, বাচ্চাদের মাথায় ফুল ব্যান্ড আর ফ্রক পরিয়ে। বাচ্চারা সমুদ্র দেখে পাগলের মতো দৌড়াতে থাকে ঢেউয়ের দিকে। তুমি আমি সুখী সুখী মুখ করে তাদের দিকে তাকিয়ে থাকি। আর ভীষণ সংগোপনে এই অসহ্য সুখকে গিলে ফেলি। চোখ তুলে দেখি আমাদের বন্ধুরা এগিয়ে আসছে। আমাদের গোপন জীবন ধরা পড়ে যাবে এক্ষুনি! আমি এগিয়ে যাই তার দিকে। সে হাত বাড়িয়ে টেনে নেয় আমাকে। তুমি অন্যদিকে তাকে বাহুলগ্ন করে আমাদের দিকে এগিয়ে আসো। হাসির ফুলঝুরি। বাচ্চাদের দিকে তাকিয়ে থাকি। কি সুন্দর ছোট সবুজ চারাগাছের মতো তাদের দেখায়! এবারের মতো আমাদের গোপন বেঁচে গেলো দেখে আমি তোমার বউয়ের নাকফুলের প্রশংসায় এবং তুমি আর সে দাঁড়িয়ে দেখে যাও বাচ্চাদের এইসব খেলা খেলে যাওয়া।
গোল্ডফিশ মেমোরি
জ্বরের গন্ধটাকেই প্রিয় মনে হচ্ছে
ঘুমের অধিক আচ্ছন্ন থাকাকালে
ভুলে গেছিলাম গত ভোরে
কিভাবে বিছানা ছেড়ে
পা নামিয়ে উঠে দাঁড়াতে হয়
করিডোরের কিনার ধরে
যে সমস্ত রেলিঙের শুরু
সেখানে দাঁড়িয়ে আছে
পা থেকে খুলে রাখা মোজা
যন্ত্রণা যাপন
কোথাও যেতে চাই
আলীকদম কিংবা এসব ফেলে
আরেকটু দূরে পাহাড়ের গা ঘেঁষে
দাঁড়িয়ে পড়া বোবা কোন রাস্তার মাথায়।
কোথাও থামতে পারছি না
কোথাও ফিরতেও না
স্মৃত বিস্মৃত শিসগুলো
লুকিয়ে আছে চন্দন কাঠের
গোলাপ-পাতা নকশা কাটা
সিন্দুকে।
ডালা খুললেই বেরিয়ে আসবে প্রেম—
তীক্ষ্ণ দাঁত আর চেরা জিহ্বা বের করে।
বিবাহিত জীবনের স্বাদ
এই শহর, বিবাহিত লোকের শহর
নিজেদের প্রায় শব ভেবে
যেন কবরের ডালা খুলে ঢুকে
পড়ে পাকঘরে বাজারের থলি হাতে
মাছের আঁশটে গন্ধ সামলে
দরদামে জিতে যাওয়ার রোজকার
হাপিত্যেশ গল্পে হারিয়ে যায় কীভাবে
এই শহরে একদা সদ্য প্রেমে পড়ারা
নীরবে নিভৃত খুঁজে খুঁজে মরেছিল
রিকশায়, বিশদ বাংলায়, অক্সিজেনে
আর যারা বিয়ে করে তারা বিয়েটাই করে
সন্ধ্যা, বৃষ্টি আর ঘুম
তোমাকে আমার খুব ঘুম পায়—
যেন কোন ঘোর বৃষ্টির ছায়ায়
আধাসাদা বাড়ি ফেলে সন্ধ্যায়
দুটো মানুষের মুখোমুখি
আধশোয়া মুখ
আমার মাথাভর্তি বিষ
মাথাভর্তি ফণার হিসহিস
সংকট-সংকেত, হাত নিশপিশ
করে যেচে ওঠে যতো
আদেখলাপনা, কী সব উদ্ভট
নজর না-লাগা
নজরে না-পড়া
স্মৃতির কাছে
একটু একটু করে মরে যাওয়া
এই জন্মে হওয়া হলো না
আমাদের বেসামাল মাতাল—
যেন এক ভয়-তরাস
পাওয়ার আগেই যা কিছু হারিয়ে যায়
ভালোবাসায়
অতিদ্রুত অক্ষম
তোমাকে আমার এমন খুব ঘুম পায়