নলেজ করিডোরের আওতায় আরও ৫০০ স্কলারশিপ দেবে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাকিস্তান শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি শিক্ষা উদ্যোগের দ্বিতীয় ধাপ চালু করতে যাচ্ছে। এই উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ৫০০টি

2026-04-23T14:37:07+00:00
2026-04-23T14:37:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নলেজ করিডোরের আওতায় আরও ৫০০ স্কলারশিপ দেবে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ২:৩৭ পিএম
প্রথম ধাপে পাকিস্তান যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। সংগৃহীত ছবি
পাকিস্তান শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি শিক্ষা উদ্যোগের দ্বিতীয় ধাপ চালু করতে যাচ্ছে। এই উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ৫০০টি স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হবে। 

বুধবার (২২ এপ্রিল) পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক পোস্টে এ কথা জানায়।

গত বছর ইসলামাবাদ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগ ঘোষণা করে। ওই উদ্যোগের আওতায় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়। এই বৃত্তির আওতায় নির্বাচিত প্রথম ব্যাচের বাংলাদেশি শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে পৌঁছেছে।

বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় ধাপ শিগগিরই চালু হচ্ছে। এর আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি বৃত্তি দেওয়া হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো। দীর্ঘদিনের তিক্ত অতীত পেছনে ফেলে ধীরে ধীরে উন্নত রাজনৈতিক সম্পর্কের দিকে এগোচ্ছে দেশ দুটি।

প্রসঙ্গত, ২০২৪ সালের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই অগ্রগতি দেখা যায়। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে, যা দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের ওপর ছায়া ফেলে রেখেছিল।


সম্পর্ক উন্নয়নের এই ধারা অর্থনৈতিক সহযোগিতাতেও প্রতিফলিত করার চেষ্টা করছে দুই দেশ। গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবতরণ করে। ২০১২ সালের পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম নিয়মিত ফ্লাইট।

এছাড়া, ২০২৪ সালের শেষদিকে দুই দেশের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য শুরু হয়। এরপর সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসেন। সেখানে তিনি বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নলেজ  করিডোর  স্কলারশিপ  পাকিস্তান  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: