ফাইরুজ
সেদিন অনেক দিন হাজার সুরুজ ছিলো মেঘে
ঝরেছে আলোর জল মাছের কপাল ভরা খুনে
দেহের অধিক লাফ পুড়ে ছাই লোহার আগুনে
যাকিছু পোড়েনা আর ওড়ে শুধু বায়ুর পরাগে
বহুপথ ডানা মেলে সেরকম ছাই হয়ে থাকি
তোমার বাড়ির কাছে আধাপাকা গম শীর্ষে শুয়ে
দেখি ষরিষার ফুল দুটো মৌমাছি পড়েছে নুয়ে
গুঞ্জনে। হর্ষের মত দিন ফুরাবার কিছু বাকি
যেভাবে সমুদ্র ফুসলায় অর্ধেক চাঁদের লেজ
সেভাবে পাহাড় রুপসী নিদ্রায়, দাঁতরঙা ফুলে
হাজার ময়ূর ডাকে ভোরের পেখম খুলে খুলে
তুমি আর ডাকবেনা ভেবে ঝরছে সূর্যের তেজ
দূরে শব্দের শরাব তন্দ্রার ভেতর মৃত ঘুম
তোমার কবরে ফোঁটে না হওয়া প্রেমের কুসুম।
ভুল বানানে নয় বানানো ভুলে
তোমাকে লিখতে গেলেই মন হয় ভুল করে ফেলছি বানান, চাঁদের চন্দ্রবিন্দু দিয়েছি জোৎস্নায়, কাচের লিখতে গিয়ে লিখে ফেলছি কাছের। ভাঙবে না ভেবে পাথরে পড়েছি কিন্তু লিখেছি পাথার এখন যতদূর যাই অকূল, আকুল হয়ে যায়, ভাসা হয় ভাষা আর তোমার কাছে আসা, আশা হয়ে রয়। সবাইকে লাগে সম্মানিত তাই তারায় চন্দ্রবিন্দু দেই, বারিষধারাকে বাড়ি ভেবে ঢুকে পড়ি ড্রয়িং রুমে, ছাদের বাগান চাঁদে গিয়ে করি তবু নীল আর্মস্ট্রং অতটা নীল নয়, আসমান যতটা অসমান কিংবা ফিল লিখলে যেভাবে বিল ভরে যায় সহস্র শাপলায়। সেরকম সহস্রকে সশস্ত্র সংগ্রাম লিখে একদিন তোমার দখল নিব পিরিওতমা ভুল বানানে নয় বানানো ভূলে।
★
চলে গেলে ডান দিক দিয়ে যাও
বাম পাশে নাশপাতি বন
যেখানে না গিয়েও নাশ হয়ে গেছে
সর্বনাশ। না বসেও কাল হয়েছে বসন্ত
আর আজ কিছুটা পত্রঝরা
চতুর্দিক অরক্ষিত বায়ু
যেতে গিয়ে ফিরে আসতে পার
জানালার কপাটে ধাক্কা খেয়ে
পর্দায় ঝুলে থাকতে পারে চাহনী
চোখে পড়ে যেতে পারে চোখ
তাই চলে গেলে গতকাল যেও
যেন আসোনাই কখনো
জন্মেরও আগে রুহের সমাবেশ থেকে
নির্জন পালিয়ে ছিলে।
★
দুপুর কাঁধে নিয়ে রোদের ভার
হাঁটতে পারছেনা আর
টিয়া ক্ষেতের দিকে মরে যাচ্ছে দিন
পথিক গাছ মেলে ধরো
এই দুর্মুখ পাতার দেশ
আকাশে ওড়াও
সব হৃদয় আজ আমের মুকুল
হাওয়া এসে ঝুলে আছে ফাল্গুনে
চারপাশে ওৎ পাতা মিলিশিয়া ফুল
পথিক দুপুর বাঁচাও
গাভিরা পোড়াবে আলোর শব।
চানখারপুল
পেতলের চান আকাশে
তাও চানখারপুলে
আসমান খুলে
এসেছে তারা
রাত থেকে খসে
পাশে বসে আমার
আন্ধার মারে ধাক্কা
কি সাহস এতো রাত্রির
ঠিকানার এক যাত্রির
সব পর পর
লোকে কথা কয়
তীর তীর সেই শব্দে
শোনা যায় তার নাই ঘর
বাড়ি ফেরা বারোটায় পাক্কা
তাও চানখার পুলে
চাঁদখানি তুলে
বাজে সাইরেন
নিশাতুর ঘোর রাত্রি
মরে যাচ্ছে
শব দৃশ্যের
জানাজায় লাখো চাক্কা
নাকি জানা যায়
ঠিকানার সেই লোকটার
নেই ঠিকানা
নয় পৃথিবী নয় চান্দে
তারা তাকে নয়
সেই লোকটার দেখা বান্দে
ডাকে আজরাইল সব পাক্কা